ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৩৪ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর জোরালো সম্ভাবনা এই দাম বৃদ্ধির অন্যতম কারণ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই প্রবণতা বিশ্ব অর্থনীতিতে চলমান মুদ্রাস্ফীতি ও কেন্দ্রীয় ব্যাংকের নীতির প্রভাবকেই নির্দেশ করছে।
শুক্রবার স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪২২৫.১১ ডলারে দাঁড়ায়। যদিও সাপ্তাহিক হিসাবে এই দাম এখনো ০.১ শতাংশ নিম্নমুখী রয়েছে। ফেব্রুয়ারির জন্য মার্কিন ফিউচার্স গোল্ডের দামও ০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি ৪২৫৫.৯০ ডলারে পৌঁছেছে।
এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, "ফেড আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে, এমন বাজার প্রত্যাশা এবং ডলারের দুর্বলতা স্বর্ণবাজার উত্থানে সমর্থন দিচ্ছে।
সাধারণত সুদের হার কমানো হলে ডলার দুর্বল হয়ে পড়ে, তখন ডলারের বিপরীতে স্বর্ণের মতো নিরাপদ সম্পদের চাহিদা ও দাম বাড়ে।এদিকে আন্তর্জাতিক বাজারে এই দাম বাড়লেও দেশের বাজারে শুক্রবার স্বর্ণের মূল্যে কোনো তাৎক্ষণিক পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত মঙ্গলবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়েছিল। বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অর্থনীতির প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম নিয়মিত সমন্বয় করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন