মার্চ ৩, ২০২৬, ০১:৫২ পিএম
কাতারে অবস্থানরত সকল দর্শনার্থী এবং যাদের প্রবেশ ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, তাদের জন্য ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে জানানো হয়েছে।
কাতারের সরকারি ঘোষণা অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই বিশেষ সুবিধা কার্যকর শুরু হয়েছে।মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে যে, ভিসার মেয়াদ বাড়ানোর এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হবে।
এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো ধরনের ফি বা অতিরিক্ত মাশুল দিতে হবে না। এছাড়া ভিসার মেয়াদ বাড়াতে ইমিগ্রেশন বা পাসপোর্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়ার বা নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সিস্টেম থেকেই এই আপডেট সম্পন্ন হবে, যা দর্শনার্থীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।
তবে এই নির্দেশনার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট শর্তারোপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির আগে যাদের প্রবেশ ভিসায় কোনো ধরনের আইনি জটিলতা বা জরিমানা জমা হয়ে আছে, তাদের ক্ষেত্রে এই নিয়ম সরাসরি কার্যকর হবে না। ওই ব্যক্তিদের প্রথমে তাদের পূর্বের নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর ২৮ ফেব্রুয়ারি থেকে তারা বর্ধিত মেয়াদের সুবিধা এবং ফি মওকুফের আওতায় আসবেন বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সে দেশে অবস্থানরত বাসিন্দা ও দর্শনার্থীদের আইনি অবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জনস্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এই সিদ্ধান্তের ফলে কাতারে অবস্থানরত কয়েক হাজার বিদেশি নাগরিক ও পর্যটকের আইনি জটিলতা দূর হবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন