মার্চ ১৪, ২০২৬, ১১:৫৩ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে আগামী কয়েক দিনে ইরানের ওপর আরও কঠোর ও ভয়াবহ সামরিক হামলা চালানো হবে। ইরানের শীর্ষ নেতাদের কড়া সমালোচনা করে তাদের বিকৃত ও জঘন্য মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ট্রাম্পের এই চরম অবস্থানের কথা জানানো হয়েছে।
এদিকে গত শুক্রবার থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন কৌশলগত এলাকায় একের পর এক বিধ্বংসী হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে যুদ্ধ শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই সেখানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় ২০০টির বেশি হামলা চালানো হয়েছে। এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র উৎপাদন কারখানাগুলো।
অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন যে ইরানের শীর্ষ নেতারা এখন জীবন বাঁচাতে আত্মগোপনে আছেন। তিনি আরও এক চাঞ্চল্যকর দাবি করে বলেছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলায় আহত হয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।চলমান এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে যার বড় একটি অংশ ইরানের নাগরিক।
এছাড়া লেবাননেও ইসরায়েলি হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন এবং বিপুল সংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর জবাবে ইরান ও তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের রেশ ধরে বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক স্থাপনা ও বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করেও হামলার ঘটনা বাড়ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন