সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফুরিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৬, ২০২৬, ০৩:০৩ পিএম

ফুরিয়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরাইল

ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের সঙ্গে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে পদার্পণ করার পর ইজরায়েল তার আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইজরায়েলি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রকে এক বার্তায় জানিয়েছে যে তাদের হাতে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টরের মজুত দ্রুত ফুরিয়ে আসছে। 

মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে যে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলা করতে গিয়ে এই সংকটের সৃষ্টি হয়েছে। মূলত দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হওয়ায় ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এখন ঝুঁকির মুখে পড়েছে।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তারা উল্লেখ করেছেন যে গত বছর ইরানের সঙ্গে একটি খণ্ড যুদ্ধের সময় ইজরায়েল বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল। ফলে বর্তমান সংঘাত শুরু হওয়ার আগে থেকেই দেশটির প্রতিরক্ষাব্যবস্থা পূর্বের তুলনায় কিছুটা দুর্বল অবস্থানে ছিল। 

চলমান যুদ্ধে ইরান কৌশলগতভাবে তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা যুক্ত করেছে যা আকাশপথেই মাঝপথে আটকে দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। এর ফলে ইজরায়েলের মজুদ থাকা মূল্যবান ইন্টারসেপ্টরগুলো সাধারণ সময়ের চেয়ে অনেক দ্রুত গতিতে ব্যয় হয়ে যাচ্ছে যা দেশটির সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।ওয়াশিংটন অবশ্য আগে থেকেই এই ধরনের একটি পরিস্থিতির আশঙ্কা করেছিল। সেমাফোরের প্রতিবেদনে একজন মার্কিন কর্মকর্তার মন্তব্য উল্লেখ করা হয়েছে যেখানে তিনি বলেছেন যে ইজরায়েলের মজুত ফুরিয়ে যাওয়ার বিষয়টি তাদের কাছে অপ্রত্যাশিত ছিল না। 

তবে তিনি জোর দিয়ে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের নিজস্ব আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের কোনো সংকট নেই। দীর্ঘমেয়াদি এই যুদ্ধের ফলে ইজরায়েলকে নতুন করে সামরিক সহায়তা প্যাকেজ বা ইন্টারসেপ্টর সরবরাহ করা হবে কি না সে বিষয়ে মার্কিন প্রশাসন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। বাড়তি সহায়তা প্রদান করা হলে তা স্বয়ং আমেরিকার নিজস্ব মজুদের ওপর কোনো প্রভাব ফেলবে কি না তা এখন আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।