মার্চ ২৩, ২০২৬, ০৮:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার খবর সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। গত দুই দিন তেহরানের সঙ্গে সংঘাত বন্ধে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেন যে ওয়াশিংটনের সঙ্গে তাদের কোনো পর্যায়ের যোগাযোগ বা সংলাপ হয়নি।
আরাগচির মতে ট্রাম্প মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমানো এবং নিজের রাজনৈতিক স্বার্থে সময়ক্ষেপণ করার জন্য এমন মনগড়া তথ্য প্রচার করছেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন যে ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য হামলার পরিকল্পনা আগামী পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। ট্রাম্পের এমন দাবির প্রেক্ষাপটে আরাগচি বলেন যুক্তরাষ্ট্রই মূলত এ অঞ্চলে যুদ্ধের উসকানি দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো উত্তেজনা হ্রাসে উদ্যোগ নিলেও এ বিষয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা ইরানের নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন সময় এলেই ট্রাম্প তার সামরিক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবেন এবং বর্তমানের এই ঘোষণা কেবলই একটি কৌশল মাত্র।এদিকে ট্রাম্পের এই পিছু হটাকে ইরানের সামরিক শক্তির বিজয় হিসেবে দেখছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।
তাদের দাবি ইরানের পক্ষ থেকে পাল্টা হামলার যে হুমকি দেওয়া হয়েছিল তার মুখেই মার্কিন প্রেসিডেন্ট তার আগের অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য যে গত শনিবার ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার এক আল্টিমেটাম দিয়েছিলেন যার মূল শর্ত ছিল হরমুজ প্রণালী খুলে দেওয়া। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ট্রাম্পের এই নতুন অবস্থান এবং ইরানের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া বিশ্ব রাজনীতিতে নতুন করে ধোঁয়াশা তৈরি করেছে। বর্তমানে উভয় দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক উত্তেজনা এক জটিল মোড় নিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন