মার্চ ২৩, ২০২৬, ০৮:৫৩ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে পরিকল্পিত সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্প দাবি করেছেন গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এই আলোচনার পরিবেশ বিবেচনা করেই তিনি প্রতিরক্ষা বিভাগকে পাঁচ দিনের জন্য হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করেন। তবে তিনি স্পষ্ট করেছেন যে এই স্থগিতাদেশের পরবর্তী সিদ্ধান্ত নির্ভর করবে চলমান আলোচনার অগ্রগতির ওপর।
ট্রাম্পের এই দাবি নিয়ে তেহরান থেকে সম্পূর্ণ ভিন্ন বার্তা পাওয়া গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ট্রাম্পের সঙ্গে ইরানের কোনো সরাসরি বা পরোক্ষ যোগাযোগ হয়নি। ওই সূত্রের দাবি ইরানের পক্ষ থেকে পাল্টা বিদ্যুৎকেন্দ্র লক্ষ্যবস্তু করার কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরই ট্রাম্প পিছু হটতে বাধ্য হয়েছেন।
যদিও মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং আলোচনার দাবিটি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। বর্তমানে এই দুই দেশের পরস্পরবিরোধী দাবি বিশ্ব রাজনীতিতে এক নতুন ধোঁয়াশার সৃষ্টি করেছে।এর আগে ট্রাম্প একটি কড়া আল্টিমেটাম দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।
এর জবাবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানায় তাদের অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনাগুলোতেও আঘাত হানা হবে। পাশাপাশি তেহরান পুরো প্রণালিটি বন্ধ করে দেওয়ার এবং সেখানে নৌ-মাইন স্থাপনের হুমকিও প্রদান করে। উল্লেখ্য যে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন