মার্চ ৩১, ২০২৬, ০৯:৫৬ এএম
ইরানের একটি বেসরকারি যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা হয়েছে বলে দাবি করেছে তেহরান। সোমবার (৩০ মার্চ) ইরানের মাশহাদ বিমানবন্দরে মাহান এয়ারের একটি বিমানে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এই বিমানটির ভারতের রাজধানী নয়াদিল্লিতে যাওয়ার কথা ছিল।
ভারত সরকারের দেওয়া অতি প্রয়োজনীয় ওষুধ ও মানবিক সহায়তা সংগ্রহ করে আনার উদ্দেশ্যে এই যাত্রা নির্ধারিত থাকলেও বর্তমান পরিস্থিতিতে পুরো মিশনটি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই) তাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইরানি কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, বিমানটি মূলত সাধারণ মানুষের জন্য জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ও মানবিক ত্রাণ সংগ্রহের কাজে নিয়োজিত ছিল।
মাশহাদ বিমানবন্দরে হামলার ফলে বিমানটি বর্তমানে উড্ডয়নের অযোগ্য হয়ে পড়েছে। ১ এপ্রিল নয়াদিল্লিতে অবতরণ করার কথা ছিল এই বিমানটির। উল্লেখ্য যে ভারতের পক্ষ থেকে ইতিমধ্যে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে চিকিৎসা সরঞ্জামের প্রথম চালান পাঠানো হয়েছিল।মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানে বর্তমানে ভয়াবহ ওষুধ সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় মাহান এয়ারের এই মানবিক সহায়তা মিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন যে একটি বেসামরিক ও মানবিক কাজে নিয়োজিত বিমানের ওপর হামলা চালানো আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিমানটি মেরামত করে পুনরায় মিশনে পাঠানো সম্ভব কি না, তা নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।অন্যদিকে মাশহাদ বিমানবন্দরে এই হামলার বিষয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা বা অস্বীকারবার্তা পাওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন-ইসরায়েলি জোট ইরানের বিভিন্ন কৌশলগত ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে ইরান ও ভারতের মধ্যকার ত্রাণ বিনিময় প্রক্রিয়ার ওপর। সংঘাতের কারণে মানবিক মিশনগুলো বারবার ধীর হয়ে যাওয়ায় ইরানের চিকিৎসা সেবা খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার পর থেকে তেহরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন