এপ্রিল ১, ২০২৬, ১১:৫৭ এএম
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। দেশটির সরকারি গণমাধ্যম কার্যালয় আজ বুধবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ফুজাইরাহ এলাকায় একটি ড্রোন ভূপাতিত করার সময় এই দুর্ঘটনা ঘটে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী ফুজাইরাহর আল রিফা এলাকার একটি কৃষি খামারে (ফার্ম) কাজ করছিলেন ওই বাংলাদেশি।
নিরাপত্তা বাহিনী একটি ড্রোনকে আকাশেই লক্ষ্যভ্রষ্ট করে ভূপাতিত করলে সেটির জ্বলন্ত ধ্বংসাবশেষ সরাসরি ওই ব্যক্তির ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে নিহত বাংলাদেশির নাম বা বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি আরব আমিরাত কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে আইনি প্রক্রিয়া শেষে তাঁর পরিচয় জানানো হবে।
দুর্ঘটনার পরপরই আমিরাতের নিরাপত্তা বাহিনী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বিশেষ দল। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও প্রবাসীদের শান্ত থাকার পরামর্শ দিয়েছে।
আরব আমিরাত সরকার এই সংবেদনশীল বিষয়ে কঠোর সতর্কতা জারি করেছে। কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে শুধুমাত্র সরকারি নির্ভরযোগ্য সূত্র থেকে আসা তথ্য গ্রহণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরণের গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে জনমনে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ধরণের ড্রোন হামলার ঘটনা অঞ্চলটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বড় ধরণের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে কুয়েত ও বাহরাইনের পর এবার আমিরাতের জনবসতিপূর্ণ এলাকায় ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন