মে ৪, ২০২৬, ০১:৫৫ পিএম
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামার দ্বীপে সোমবার ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে।ইউএসজিএসের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৭৩ দশমিক ৩ কিলোমিটার। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর সান জুলিয়ান থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।
সান জুলিয়ান অঞ্চলের স্থানীয় পুলিশ জানিয়েছে, ভূমিকম্পটি হঠাৎ শুরু হয় এবং এটি বেশ তীব্র ছিল। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, কম্পনের সময় স্থানীয় থানার ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কক্ষের আসবাবপত্র নড়ে ওঠে।
সম্ভাব্য আফটারশকের আশঙ্কায় পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিক ভবন থেকে বেরিয়ে বাইরে অবস্থান নেন।ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত এই এলাকাটি ভূ-তাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় এবং এখানে তীব্র ভূকম্পন প্রায়ই অনুভূত হয়।
এর আগে গত অক্টোবর মাসে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৭ দশমিক ৪ এবং ৬ দশমিক ৭ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেই দুর্ঘটনায় অন্তত আট জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। একই মাসে সেবু প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্পে ৭৬ জনের মৃত্যু হয়েছিল এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সোমবারের এই কম্পনের পর স্থানীয় প্রশাসন উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন