মে ৮, ২০২৬, ০৫:৪৫ পিএম
শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে নবনির্বাচিত বিধায়কদের গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই ঘোষণা করা হয়। শুক্রবার বিকেলে কলকাতার নিউ টাউনে অবস্থিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই কলকাতায় রাজনৈতিক ব্যস্ততা ছিল তুঙ্গে। শুক্রবার বেলা ১১টার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বহনকারী বিশেষ বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে যান।
মন্দিরে পূজা দেওয়ার পর তিনি নিউ টাউনের একটি হোটেলে পৌঁছান। এরপর দুপুরে বিজেপি বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন তিনি।বৈঠকে নতুন সরকারের নেতৃত্ব নিয়ে আলোচনার পর শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এর ফলে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম চূড়ান্ত হলো।
রাজ্যের রাজনৈতিক মহলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল যে শুভেন্দু অধিকারীই এই দায়িত্ব পেতে যাচ্ছেন। আজকের বৈঠকের মাধ্যমে সেই জল্পনার অবসান ঘটল।শপথ গ্রহণ আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।বিজেপি সূত্রের তথ্য অনুযায়ী, অমিত শাহ আজ নিউ টাউনের হোটেলেই রাত্রিযাপন করবেন। আগামীকাল সকালে তিনি কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হবেন। সেখানেই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাবের পর রাজ্য বিজেপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। উল্লেখ্য, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ব্রিগেডের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিবর্তনের ফলে নতুন সরকারের অগ্রাধিকার এবং মন্ত্রিসভার সদস্যদের নাম নিয়েও এখন ব্যাপক আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন