মে ৯, ২০২৬, ০৬:৩৯ পিএম
বিদুথলাই চিরুথাইগল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) সমর্থন পাওয়ার মধ্য দিয়ে টানা পাঁচ দিনের রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটেছে ভারতের তামিলনাড়ুতে। এর ফলে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
শনিবার (৯ মে) ভিসিকে আনুষ্ঠানিকভাবে সমর্থনের চিঠি দেওয়ার পর টিভিকের সাধারণ সম্পাদক আধব অর্জুনা ঘোষণা দেন যে, জোসেফ বিজয়ই হচ্ছেন তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী। এই ঘোষণার পর রাজ্যজুড়ে বিজয়ের সমর্থক ও দলীয় কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।
এর আগে সরকার গঠনের দৌড়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। বিজয় তিনবার গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও প্রথমদিকে সাড়া পাননি। এতে রাজ্যজুড়ে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়ে গিয়েছিল। তবে মিত্র দলগুলোর চূড়ান্ত সমর্থনের পর সেই বাধা দূর হয়েছে।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে টিভিকে এককভাবে ১০৮টি আসনে জয় পায়। তবে বিজয় দুটি আসনে বিজয়ী হওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাঁকে একটি আসন ছাড়তে হচ্ছে। এর ফলে দলের কার্যকর আসন সংখ্যা দাঁড়ায় ১০৭।পরবর্তীতে কংগ্রেসের ৫ জন, সিপিআইয়ের ২ জন এবং সিপিআই(এম)-এর ২ জন বিধায়কের সমর্থনে টিভিকের আসন সংখ্যা বেড়ে ১১৬-তে পৌঁছায়। শনিবার ভিসিকের সমর্থন যুক্ত হওয়ার পর এই সংখ্যা ১১৮-তে গিয়ে ঠেকেছে।
২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য এই সংখ্যাই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হিসেবে গণ্য হয়।অন্যদিকে শুরুতে নানা জল্পনা থাকলেও শেষ পর্যন্ত আইইউএমএল টিভিকের পক্ষেই অবস্থান নিয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর ফলে থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার পথ এখন পুরোপুরি পরিষ্কার। আগামী কয়েক দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন