জুন ৫, ২০২৬, ০৫:৩৫ পিএম
আগামী সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনকে বেইজিংয়ে আতিথ্য দেওয়ার পর নিজের বিদেশ সফরের অংশ হিসেবে তিনি এই উদ্যোগ নিয়েছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া এই সফরটি দুই দিনের।
শি জিনপিং পিয়ংইয়ং পৌঁছে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করবেন। ২০১৯ সালের পর এটিই চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম উত্তর কোরিয়া সফর। চলতি বছরে এটি শি জিনপিংয়ের প্রথম বিদেশ সফর হিসেবেও রেকর্ড করা হচ্ছে।গত বছরের অক্টোবরে শি জিনপিং দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন।
সেখানে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। এরপর থেকে বিশ্বের অনেক দেশের নেতা বেইজিং সফর করেছেন। সিএনএনের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত ১৭ জন বিশ্বনেতাকে বেইজিংয়ে স্বাগত জানিয়েছেন শি জিনপিং।
কিম ও শি সর্বশেষ গত সেপ্টেম্বরে দেখা করেছিলেন।তখন বেইজিংয়ের একটি সামরিক কুচকাওয়াজে কিম জং-উন বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। সেই অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিনের উপস্থিতিও ছিল, যা আন্তর্জাতিক অঙ্গনে এক বিরল ঐক্যের প্রদর্শন হিসেবে আলোচিত হয়েছে। এবার শি জিনপিংয়ের এই সফর নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।অনেকের ধারণা, কিম ও ট্রাম্পের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারেন চীনা প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে কিম জং-উনের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। যদিও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের উদ্যোগ পরবর্তীতে স্থবির হয়ে পড়েছিল, কিন্তু ট্রাম্প সেই কূটনৈতিক প্রচেষ্টা পুনরায় শুরু করার আগ্রহ দেখিয়েছেন। শি জিনপিংয়ের সফর সেই প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।এই সফরের দিকে এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের নজর রয়েছে।লাওসের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর শি জিনপিং উত্তর কোরিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন