রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পশ্চিমবঙ্গের বিধানসভায় বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৬, ২০২৬, ০৯:৫৮ এএম

পশ্চিমবঙ্গের বিধানসভায় বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব

পশ্চিমবঙ্গের বিধানসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনে এই শোক প্রস্তাব গৃহীত হয়। সম্প্রতি বিধানসভা সচিবালয় থেকে এই শোক প্রস্তাবের আনুষ্ঠানিক অনুলিপি ঢাকায় পাঠানো হয়েছে।বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু শোকবার্তায় তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

স্পিকার তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৪৬ সালে জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনে অসামান্য নেতৃত্ব দিয়েছিলেন। 

তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অধিবেশনের সদস্যরা এক মিনিট নীরবতা পালন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান।

শোক প্রস্তাব শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি সুমেন্দ্রনাথ দাস স্বাক্ষরিত চিঠিতে শোক প্রস্তাবের অংশবিশেষ ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনারকে এই বার্তা মরহুমার নিকটাত্মীয়দের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে এই বার্তা তাঁর পরিবারের কাছে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে।