রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১১:০৫ এএম

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তির পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের চার দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি যৌথ বিবৃতিতে জানিয়েছে, তেহরানের পারমাণবিক কর্মসূচির ইতিবাচক পদক্ষেপের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন দেশগুলোর নেতারা।

পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া এই সমঝোতা স্মারক আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ হবে। 

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও সোমবার রাত থেকে যুদ্ধ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ ও নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয়ে আরও বিস্তৃত আলোচনা হবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

চুক্তির আওতায় বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি আগামী শুক্রবার থেকে খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

বিশ্বজুড়ে তেলের প্রবাহ স্বাভাবিক করার এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব পড়েছে। ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। একই সঙ্গে মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪ দশমিক ৬ শতাংশের বেশি কমে যাওয়ায় এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

তথ্যসূত্র: রয়টার্স