শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

রাজস্থানে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৯:৫৭ এএম

রাজস্থানে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা

ভারতের রাজস্থানের জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার ঠিক আগমুহূর্তে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। সোমবার শহীদ স্মারকে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়ার সময় তিনি এই পরিস্থিতির মুখোমুখি হন। ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে।

সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার কিছু স্থিরচিত্র প্রকাশ করে বিজেপি নেতাকর্মীদের দায়ী করেছেন। তিনি অভিযুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।সমাবেশটি ঘিরে প্রশাসনের কড়া নিরাপত্তার কথা থাকলেও তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সোমবার বিকেলে অভিজিৎ দিপকে সমর্থকদের কাঁধে চড়ে সভাস্থলের দিকে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। ভিড়ের ভেতর থেকে কিছু দুষ্কৃতকারী তার স্কার্ফ ধরে টান দেয় এবং তাকে মারধর করে নিচে নামানোর চেষ্টা চালায়। পরবর্তীতে দলটির রাজ্য মুখপাত্র অভিষেক জৈন বিট্টু প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় পুলিশ ও রাজস্থান সরকারের সমালোচনা করেছেন সিজেপি নেতারা।

হামলার শিকার হওয়ার পর অভিজিৎ দিপকে বলেন, যত ব্যবস্থাপনাই করা হোক, আমি সহিংসতাকে সমর্থন করি না। কাপুরুষরাই কেবল এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় বলে তিনি মন্তব্য করেন। ভিডিও বার্তায় তিনি আরও জানান, তাদের আন্দোলন চলবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা অটল।

ককরোচ জনতা পার্টি মূলত একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এক শক্তিশালী আন্দোলনে রূপ নিয়েছে।আন্দোলনটি এখন দেশজুড়ে ব্যাপক সমর্থন পাচ্ছে।

শিক্ষার্থীদের ওপর হওয়া অন্যায় এবং আত্মহত্যার দায় নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা ভবিষ্যতে দিল্লির বুকে আবারও বড় ধরনের বিক্ষোভ প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস