জুলাই ৪, ২০২৬, ১২:৫৪ পিএম
জুন মাসের তীব্র তাপপ্রবাহে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অন্তত তিন হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংখ্যা প্রাথমিক এবং সময়ের সাথে সাথে তা আরও বাড়তে পারে।চলতি জুনের তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ।
এই তাপপ্রবাহে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যসেবার ওপর চরম চাপ সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই চরম আবহাওয়ার কারণ প্রায় নিশ্চিতভাবেই জলবায়ু পরিবর্তন। ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানান, দেশটিতে অতিরিক্ত দুই হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৪৫ বছরের বেশি বয়সীদের হার বেশি।
দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ থেকে ২৮ জুনের মধ্যে আগের সপ্তাহের তুলনায় বাড়িতে মৃত্যুর সংখ্যা ৯১ শতাংশ বেড়েছে। বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ থেকে ২৯ জুনের মধ্যে সেখানে প্রায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৩০ জনের বয়স ছিল ৮৫ বছরের বেশি। বেলজিয়ামের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের সময় এ ধরনের অতিরিক্ত মৃত্যুর ঘটনা নজিরবিহীন।নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে সেখানে প্রায় ৪৮০ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগেরই বয়স ৮০ বছরের বেশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন