বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

ইরানের বুশেহরে একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৬:২২ পিএম

ইরানের বুশেহরে একাধিক বিস্ফোরণ

ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের চাগাদেহ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ। স্থানীয় বাসিন্দারা একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানালেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, বুশেহর পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মার্কিন বাহিনী বুশেহর প্রদেশের বিভিন্ন স্থানে হামলা চালায়। এর পরই বিস্ফোরণের তীব্র শব্দ শোনা যায়। ইরানের একাধিক সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার শুরুর পর টানা দ্বিতীয় দিনের মতো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে তীব্র সামরিক সংঘাতের পরিস্থিতি বিরাজ করছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌচলাচল নিরাপদ করতে ও তেহরানের হুমকি মোকাবিলায় এই অতিরিক্ত হামলা চালানো হয়েছে।

এর আগে গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতের অবসান ঘটিয়ে একটি শান্তি চুক্তিতে পৌঁছেছিল। তবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি বাতিল ঘোষণা করেন। এই ঘোষণার পর থেকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের একটি নতুন পর্বের সূচনা হয়েছে। বুশেহরে এই বিস্ফোরণের ঘটনা সেই উত্তেজনারই অংশ বলে ধারণা করা হচ্ছে।