রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

শক্তিশালী ভূমিকম্প কাঁপল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১০:৩১ এএম

শক্তিশালী ভূমিকম্প কাঁপল ইরান

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের সালান্দ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।ভূমিকম্পের তীব্রতা ও উৎপত্তিস্থল নিয়ে কাজ করছে স্থানীয় উদ্ধারকারী দল।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি, ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সালান্দ এলাকা। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিলোমিটার গভীরে এর কেন্দ্র ছিল। শক্তিশালী এই কম্পনের ফলে ওই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করতে ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি কয়েকটি গ্রামে দুটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া ও ভূতাত্ত্বিক পর্যবেক্ষক দলগুলো পরিস্থিতি সার্বক্ষণিক নজর রাখছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে উদ্ধারকারী দলগুলোর। ঘটনার পর থেকে ওই অঞ্চলে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।