শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২২, ২০২৬, ০৯:৫৮ এএম

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প

ছবি - সংগৃহীত

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রকাশিত এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ইনফান্তিনোর সম্মান ও মানুষের মধ্যে ঐক্য গড়ার বিশেষ সক্ষমতা রয়েছে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

কূটনৈতিক মহলে এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, ছাপ্পান্ন বছর বয়সী সুইস নাগরিক ইনফান্তিনো চলতি বিশ্বকাপ চলাকালে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ওই সময় তিনি ট্রাম্পকে ফিফার উদ্বোধনী শান্তি পুরস্কার প্রদান করেন। 

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার পর আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে পাঁচ বছরের জন্য নতুন মহাসচিবের দায়িত্ব পালন শুরু হবে। জাতিসংঘ সনদের ৯৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমেই এই পদে নিয়োগ চূড়ান্ত হয়।

উলেস্নখ্য, আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত নিরসনে জাতিসংঘের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় ফেরার পর তিনি সংস্থাটিতে যুক্তরাষ্ট্রের আর্থিক অনুদান উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কিছু অঙ্গপ্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। এমন প্রেক্ষাপটে ফিফা সভাপতিকে জাতিসংঘের শীর্ষ পদে বসানোর এই পরিকল্পনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।