জুলাই ২৩, ২০২৬, ০২:৪৬ পিএম
ভারতের মুম্বাইয়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দৃশ্য দেশজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনাটিতে মুম্বাই পুলিশের এক সদস্যকে বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীকে পুনরায় আন্দোলনে এলে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিতে দেখা গেছে। গণতান্ত্রিক অধিকারের দাবিতে চলা এই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ।
শিক্ষার্থীদের দমনে পুলিশের এই ভয়ভীতি প্রদর্শনের চিত্র প্রকাশের পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গত কয়েক দিন ধরে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর ডাকে মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ নানা দাবিতে বিক্ষোভে অংশ নিচ্ছেন।
প্রকাশিত ওই দৃশ্যটিতে দেখা যায়, একটি পুলিশ ভ্যানের ভেতরে কয়েকজন তরুণকে বসিয়ে রাখা হয়েছে। সেখানে সামনের আসনে বসা এক পুলিশ সদস্য তাদের বাড়ি ফিরে যেতে এবং ভবিষ্যতে আর কখনো বিক্ষোভে না আসার কথা বলার পাশাপাশি মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন।
এই ঘটনা প্রকাশ পাওয়ার পর মুম্বাই কংগ্রেস দাবি করেছে যে এটি কেবল শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা নয়, বরং মৌলিক গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। ঘটনার তীব্র সমালোচনা শুরু হওয়ার পর মুম্বাই পুলিশ পুরো ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট পুলিশকর্মীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন