শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানে ৯০০ কেজির বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০৫:২৪ পিএম

ইরানে ৯০০ কেজির বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

দক্ষিণ ইরানের কেশম দ্বীপে প্রায় ৯০০ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে চালানো বৃহৎ পরিসরের এই হামলায় ইরানি এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী ছেলে নিহত হয়েছে।তবে সৌভাগ্যক্রমে ওই পরিবারের অপর দুই সন্তান প্রাণে বেঁচে গেছে।

ভিডিও ফুটেজ ও স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সবচেয়ে বড় বোমাগুলোর একটি ব্যবহার করা হয়েছে। অস্ত্র বিশেষজ্ঞরা ঘটনাস্থলে সৃষ্ট বিশাল গর্ত ও উদ্ধার হওয়া গোলাবারুদের অংশবিশেষ পরীক্ষা করে এটি মার্ক-৮৪ বোমা বলে ধারণা করছেন। হামলার সময় ও স্থানের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের তথ্যের হুবহু মিল পাওয়া গেছে।

দ্য জেরুজালেম পোস্টকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের এই হামলার পরিসর আগের রাতের তুলনায় প্রায় দ্বিগুণ ছিল।শক্তিশালী এই বিস্ফোরণের গর্ত থেকে প্রায় ২০০ ফুট দূর পর্যন্ত ধ্বংসাবশেষ ছিটকে গেছে বলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়। ইরানি কর্মকর্তাদের দাবি, ভয়াবহ এই হামলার কারণে আশপাশের অন্তত ২০টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ তারা খতিয়ে দেখছে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কখনোই বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না।হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বা বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আগে থেকে কী ধরনের সতর্কতা নেওয়া হয়েছিল, সে বিষয়ে সেন্টকমের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

তথ্যসূত্র: দ্য জেরুজালেম পোস্ট ও দ্য নিউইয়র্ক টাইমস