বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০৩:৫১ পিএম

ইসলামকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে

ছবি : সংগৃহীত

ইসলামকে যারা অতীতে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তারাই একসময় ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা সাইয়্যিদ আরশাদ মাদানী। তিনি পরিষ্কার ভাষায় জানান, ইসলাম আজও জীবিত আছে এবং কেয়ামত পর্যন্ত জীবিত থাকবে। মুসলমানদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়ার কোনো অধিকার কারও নেই এবং যারা এমনটি বলে তারাই মূলত সাম্প্রদায়িক ও সন্ত্রাসী।

ভারতের স্বাধীনতা দিবসের অংশ হিসেবে দেওবন্দের কাসেমি ময়দান চত্বরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা ও গণতন্ত্রকে একটি মহান নিয়ামত হিসেবে উল্লেখ করে তিনি দেশের ধর্মনিরপেক্ষতার ভিত্তি রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তাঁর মতে, দারুল উলুম দেওবন্দ, আলেম সমাজ ও মুসলমানদের আত্মত্যাগ বাদ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কখনো পূর্ণাঙ্গ হতে পারে না।

মাওলানা মাদানী আক্ষেপ প্রকাশ করে বলেন, বর্তমানে স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে এবং মাদরাসাগুলোকে অপ্রাসঙ্গিকভাবে সন্ত্রাসবাদের সঙ্গে জড়ানোর পাঁয়তারা করা হচ্ছে। অথচ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের প্রথম ডাক এদেশীয় মাদরাসা ও খানকাহগুলো থেকেই এসেছিল। ১৮৫৭ সালের ব্যাপক হত্যাযজ্ঞের পর ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সূচনালগ্ন থেকেই দেশমাতৃকার স্বাধীনতায় অসামান্য ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও উল্লেখ করেন, রেশমি রুমাল আন্দোলন এবং মাল্টায় শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দী ও মাওলানা হুসাইন আহমদ মাদানীর কারাবাসের ইতিহাস ব্রিটিশবিরোধী সংগ্রামের অম্লান দলিল। বর্তমান সময়ে দেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বা সেকুলার শব্দ বাদ দেওয়ার যেকোনো চক্রান্ত আলেম সমাজ রুখে দেবে বলে ঘোষণা দেন তিনি। তথ্যসূত্র: দ্য ইনকিলাব, ভারত।