বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৯:৫৬ এএম

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর পাল্টাপাল্টি হামলা

ছবি : সংগৃহীত

গত কয়েক দিন ধরে চলা উত্তেজনার পর এবার নতুন করে ইরানজুড়ে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে চালানো এই দফার হামলায় কয়েকজন নিহত এবং পঞ্চাশের বেশি মানুষ আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। আনাদোলু ও আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ ইরানের সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় অন্তত দুজন নিহত এবং কুড়ি জন আহত হয়েছেন। 

জিরোফতের একটি বেসামরিক বিমানবন্দর এবং কেশম দ্বীপের মাসান গ্রামের আশপাশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালির দিক থেকেও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের অন্তত চার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে তেহরান। জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটি এবং উত্তর ইরাকের এরবিল প্রদেশে মার্কিন স্থাপনায় এই হামলা চালানো হয়। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন প্রতিহত করেছে বলে জানানো হয়েছে। মধ্যপ্রাচ্যে এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

তথ্যসূত্র: আনাদোলু, আল জাজিরা ও রয়টার্স