আগস্ট ১২, ২০২৫, ০৬:৩৮ পিএম
দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি সিন্ধু পানিচুক্তি স্থগিত রাখাকে কেন্দ্র করে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সোমবার সিন্ধে একটি অনুষ্ঠানে ভুট্টো কার্যত যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ‘ভারত যদি এই পথে চলে, তাহলে ছয়টি নদী ফিরিয়ে নেওয়ার জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত।’ তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের পদক্ষেপগুলো পাকিস্তানের বড় ক্ষতি করছে।
এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, “পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওরা ভালো লোক। কিন্তু যদি এমন কথা চালিয়ে যান, তাহলে আমরা ধৈর্য হারাব। একের পর এক ব্রহ্মস চলবে, আর যদি না হয়, তাহলে আমরা একটা বাঁধ বানাব যেখানে ১৪০ কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধ খুলে দেব, কোনো গুলি চলবে না, কিন্তু সুনামি চলে আসবে।”
এদিকে, পাকিস্তানের সামরিক শীর্ষ মহল থেকেও যুদ্ধংদেহী ভাষা ব্যবহার করা হচ্ছে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে সেনা প্রধান আসিম মুনির বলেছেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর। আমরা ধ্বংস হলে অর্ধেক পৃথিবীকে ধসিয়ে নিয়ে যাবো।’
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও কূটনৈতিক সংলাপই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। প্রকাশ্যে এমন হুমকি বিনিময় সীমান্ত উত্তেজনা আরও বাড়াতে পারে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন