সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:২৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ শেষ হলে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সহায়তা করবে। তবে তিনি স্বীকার করেছেন যে, এই যুদ্ধের অবসান ঘটানো তার ধারণার চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
ফক্স নিউজের ‘দ্য স্টোরি উইথ মার্থা ম্যাককালাম’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শেষ হওয়ার পর আমরা শান্তি সুরক্ষায় সহায়তা করব। আর আমি মনে করি শেষ পর্যন্ত সেটাই হবে।’ তিনি আরও বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ‘খুব হতাশ’। তিনি বলেন, 'যে যুদ্ধকে আমি সবচেয়ে সহজে মীমাংসাযোগ্য ভেবেছিলাম, সেটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কারণ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার সম্পর্ক ছিল। কিন্তু আমি হতাশ।'
ট্রাম্প একাধিকবার মস্কোর কাছে যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং নতুন নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন। তবে প্রতিবারই রাশিয়া সেই সময়সীমা অগ্রাহ্য করেছে। গত আগস্টের মাঝামাঝি সময়ে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হলেও এর উল্লেখযোগ্য কোনো ফলাফল চোখে পড়েনি।
তা সত্ত্বেও ট্রাম্প এখনো বিশ্বাস করেন যে, এই সংঘাতের সমাধান সম্ভব। তার মতে, এর একটি উপায় হলো ইউরোপের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা। ট্রাম্প বলেন, 'যদি তেলের দাম কমে যায়, অথবা রাশিয়া তেল বিক্রি করতে না পারে, তবে তাদের কাছে সমঝোতায় আসা ছাড়া কোনো বিকল্প থাকবে না। আর ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর দেশগুলোর রাশিয়া থেকে তেল কেনা ইতিবাচক বিষয় নয়।'


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন