সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৫, ০৮:০৬ পিএম

ভূমিকম্পে কাঁপল তুরস্ক

ছবি - সংগৃহীত

তুরস্কের রাজধানী ইস্তাম্বুল আজ (২ অক্টোবর বৃহস্পতিবার) ৫ দশমিক ০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। সাম্প্রতিক সময়ে দেশটি নতুন করে আরও বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারমারা সাগরে। এটি একটি বড় ফল্টলাইনের পাশে অবস্থিত, যা শহরের ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য বড় ঝুঁকি হিসেবে বিবেচিত।

এটাই প্রথম কম্পন নয়। সম্প্রতি কুথায়া প্রদেশের সিমাভে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে হওয়া এই ভূমিকম্পের কারণে আশপাশের অঞ্চল কেঁপে উঠেছিল। এরপর ৪ দশমিক ০ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। স্বস্তির খবর হলো, এই দু’টি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আসলে তুরস্ক বেশ কয়েকটি প্রধান ফল্ট লাইনের উপর অবস্থিত। এর ফলে দেশটি ঐতিহাসিকভাবেই ভূমিকম্পপ্রবণ।

২০২৩ সালের শুরুর দিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, তা অনেকেই ভুলে যেতে পারেননি। সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮, যাতে ১১টি প্রদেশে ৫৩ হাজারের বেশি মানুষ মারা যান এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। ভয়াবহ ওই ভূমিকম্পে সিরিয়াতেও ছয় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।