অক্টোবর ৩, ২০২৫, ০৪:২৬ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে স্পষ্ট ভাষায় বলেছেন, ভারত কখনোই বাইরের চাপ মেনে নেবে না কিংবা কারও সামনে অপমান সহ্য করবে না। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন ভারসাম্যপূর্ণ ও বুদ্ধিমান নেতা আখ্যা দিয়ে রাশিয়া-ভারতের সম্পর্ককে 'বিশেষ' বলে উল্লেখ করেছেন।
পুতিনের এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে ভারত ও চীনকে ইউক্রেন যুদ্ধে 'অর্থদাতা' আখ্যা দিয়েছেন। রাশিয়ান তেল কেনার কারণে শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্র আগস্টে ভারতের রপ্তানিপণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, ফলে দেশটির ওপর মোট শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
পুতিন এই বিষয়ে ভারতের পক্ষ নিয়ে বলেন, ভারতের রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি সম্পূর্ণরূপে একটি অর্থনৈতিক সিদ্ধান্ত। তিনি সতর্ক করে দেন, যদি ভারত এই সরবরাহ প্রত্যাখ্যান করে, তবে দেশটির ক্ষতি হবে প্রায় ৯-১০ বিলিয়ন ডলার।
তিনি আরও সতর্ক করেন, এই ধরনের উচ্চ শুল্ক বিশ্ববাজারে দাম বাড়াতে পারে এবং যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন উচ্চ সুদের হার ধরে রাখতে বাধ্য করবে।রাশিয়ার থেকে তেল কেনায় বর্তমানে নয়াদিল্লি বড় ধরনের বাণিজ্য ঘাটতিতে আছে। এই সমস্যা সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, "ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অসমতা কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি কমবে।" এই ঘোষণা ভারত-রাশিয়া অর্থনৈতিক সম্পর্ককে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন