অক্টোবর ১৩, ২০২৫, ০৬:১২ পিএম
গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের প্রথম দলটি পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছানোর পর সেখানে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর কারামুক্ত স্বজনদের কাছে পেয়ে পরিবার-পরিজনেরা আনন্দ-অশ্রুতে ফেটে পড়েন।সোমবার (১৩ অক্টোবর) বিকেলে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী দুটি বাস রামাল্লার ইয়াসির আরাফাত স্কোয়ারে পৌঁছালে হাজার হাজার মানুষ তাদের পতাকা নেড়ে এবং স্লোগান দিয়ে বরণ করে নেয়।
বহু বছর ধরে কারাগারে থাকা প্রিয়জনকে এক ঝলক দেখার জন্য এবং আলিঙ্গন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের পরিবারের সদস্যরা। বাস থেকে নামার পরই তৈরি হয় হৃদয়বিদারক দৃশ্যের, যেখানে আনন্দ-কান্না মিলেমিশে একাকার হয়ে যায়।এই বন্দি মুক্তি ঐতিহাসিক গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের বাস্তবায়ন। এর আগে, আজই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের কাছে থাকা ২০ জন ইসরায়েলি জিম্মিকে আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করে।
চুক্তি অনুযায়ী, মোট ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল, যার মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জনও রয়েছেন। অন্যদিকে, হামাস তাদের কাছে থাকা অবশিষ্ট সকল জিম্মিকে মুক্তি দেবে।দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর এই বন্দি বিনিময় প্রক্রিয়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন