রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বিতর্কিত মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:০৯ পিএম

বিতর্কিত মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।

আজ বুধবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত রোববার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানকে শোকজ করা হয়।

একইসঙ্গে আগামী ৮ ডিসেম্বর তাকে তার প্রাতিষ্ঠানিক ও আইনজীবী সনদ নিয়ে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন:ফজলুর রহমান আলাদা আইনজীবী নিয়োগ করে এখানে পিটিশন পাঠিয়েছেন। আনকন্ডিশনাল এপলজি দিয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সেই পিটিশন হয়তো ৮ তারিখে শুনানি হবে। ফজলুর রহমান বলেছেন, যা কিছু বলেছেন তিনি ভুলে বলেছেন। তিনি আদালতে মার্সি চান।

রোববারের শুনানির একপর্যায়ে ট্রাইব্যুনাল মন্তব্য করে, "আইনের সমালোচনা করা যাবে। রায়ের সমালোচনা করা যাবে। বিচারকেরও সমালোচনা করা যাবে। কিন্তু রায় মানি না, এটা বলা শুধু আদালত অবমাননাই নয়, রাষ্ট্রদ্রোহিতাও।"প্রসিকিউটর বলেন, ফজলুর রহমান নাকি ৪৪ বছর ধরে আইন পেশায় রয়েছেন। কিন্তু ট্রাইব্যুনাল প্রশ্ন তোলেন, 'উনি কি আসলেই প্র্যাকটিস করেন? প্র্যাকটিস করলে তো এমন কথা বলতে পারেন না।’