সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ১০:১৫ এএম

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সকাল দশটার পর এই সাক্ষ্য পেশ করার কথা রয়েছে।

প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আবু সাঈদ হত্যা মামলায় হাসনাত আবদুল্লাহ ২২ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন বলে প্রসিকিউশন সূত্র নিশ্চিত করেছে। এর আগে, গত ২৭ নভেম্বর এই মামলার ২১ নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়। এরপর ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিনটি ধার্য করে। মামলার গুরুত্ব বিবেচনা করে আজকের সাক্ষ্যগ্রহণের ওপর সবার দৃষ্টি রয়েছে।গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল মোট ৩০ জন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

এই মামলার মোট ৩০ আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ। ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী, পলাতক থাকা বেরোবির সাবেক ভিসিসহ ২৬ জন আসামির পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আজ গ্রেপ্তারকৃত আসামিদের উপস্থিতিতেই আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

মামলার প্রাথমিক প্রক্রিয়া হিসেবে গত ২৮ জুলাই প্রসিকিউশন পক্ষ ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে। ওই দিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলার সুনির্দিষ্ট অভিযোগ ও বিস্তারিত তথ্য আদালতের সামনে তুলে ধরেন। এর আগে ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আদালতে আমলে নেওয়া হয় এবং ২৪ জুন তদন্ত সংস্থার কর্মকর্তারা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন।