ডিসেম্বর ১৭, ২০২৫, ০৫:১৮ পিএম
রাজধানীর পুরোনো হাইকোর্ট ভবন সংলগ্ন সংস্কার করা নতুন ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি নতুন এই এজলাসের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন:বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার (চেয়ারম্যান, ট্রাইব্যুনাল-১)।বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী (চেয়ারম্যান, ট্রাইব্যুনাল-২)।হাবিবুর রহমান সিদ্দিকী (রেজিস্ট্রার জেনারেল, সুপ্রিম কোর্ট)।
অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম (চিফ প্রসিকিউটর)। এ ছাড়াও অন্যান্য বিচারক, প্রসিকিউটর ও ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সংঘটিত গুম, খুন এবং চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম বর্তমানে জোরকদমে চলছে। মামলার চাপ বাড়ায় বিচারিক প্রক্রিয়া দ্রুত করতে ট্রাইব্যুনাল-২ এর এজলাসটি সংস্কার করা হয়েছে।
এতদিন ট্রাইব্যুনাল প্রাঙ্গণের একটি অস্থায়ী টিনশেড ভবনে ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম চলছিল। এখন থেকে স্থায়ী ও সুসজ্জিত নতুন ভবনে বিচার কার্যক্রম শুরু হওয়ায় বিচারে আরও গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বর্তমানে দুটি পৃথক ট্রাইব্যুনালে গুম ও জুলাই গণহত্যার বিভিন্ন মামলার শুনানি একযোগে পরিচালিত হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন