রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরু্দ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৯:৫৪ এএম

হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরু্দ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ রোববার (২১ ডিসেম্বর) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই আদেশ ঘোষণা করবেন।

এই আদেশের মাধ্যমেই নির্ধারিত হবে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে কি না।মামলার মোট ১৭ আসামির মধ্যে ১০ জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাঁরা হলেন:

ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম (র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক)

ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার

ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম

কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান

কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক ডিজি এম খুরশীদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. খায়রুল ইসলাম।

গত ৮ অক্টোবর প্রসিকিউশন পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। ৩ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের শুনানি শেষ করেন, যেখানে তিনি টিএফআই সেলে সংঘটিত গুম ও নির্যাতনের লোমহর্ষক চিত্র তুলে ধরেন। আসামিপক্ষ থেকে অব্যাহতির আবেদন জানানো হলেও প্রসিকিউশন পক্ষ বিচার শুরুর জোরালো দাবি জানিয়েছে। আজকের এই আদেশের দিকে দেশবাসীর বিশেষ নজর রয়েছে, কারণ গুমের অভিযোগে উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিচারের মুখোমুখি হওয়ার এটিই প্রথম বড় ঘটনা।