সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গুমের মামলায় হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৫, ১২:৪০ পিএম

গুমের মামলায় হাসিনাসহ ১৭ জনের বিচার শুরুর আদেশ

বর্বরোচিত নির্যাতনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন।

এর মাধ্যমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর গুমের ঘটনায় করা কোনো মামলায় প্রথমবার শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আদেশে আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে আনা গুম ও নির্যাতনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং এটি মানবতাবিরোধী অপরাধের পর্যায়ভুক্ত।

তাই ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনাসহ ১৭ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মামলার ১৭ আসামির মধ্যে ১০ জন সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাদেরকে আজ কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

পলাতক আসামিদের অনুপস্থিতেই (In Absentia) বিচার কার্যক্রম চলবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এর আগে রাষ্ট্রপক্ষ শুনানিতে দাবি করে যে, টিএফআই সেলের মাধ্যমে বছরের পর বছর গুম করে রাখা ব্যক্তিদের ওপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, তা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।আজকের এই আদেশের মধ্য দিয়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন প্রসিকিউশন পক্ষ। আদালতের আদেশের পর এখন পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হবে।