সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই গণহত্যা: সালমান ও আনিসুলের বিচার শুরুর আদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১২, ২০২৬, ১২:২৮ পিএম

জুলাই গণহত্যা: সালমান ও আনিসুলের বিচার শুরুর আদেশ

জুলাই বিপ্লবের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশন পক্ষ এই দুই প্রভাবশালী নেতার বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে।

কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা এবং রংপুরে আবু সাঈদসহ সারা দেশে ১ হাজার ৪০০-এর বেশি মানুষকে হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করা। বিশেষ করে ১৯ জুলাই তাদের মধ্যকার একটি ফোনালাপে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ নির্দেশ দেওয়ার অডিও রেকর্ডটি ট্রাইব্যুনালে অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে পেশ করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত ৬ জানুয়ারি আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন এবং ফোনালাপটি তাদের নয় বলে দাবি করেছিলেন।

তবে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ ট্রাইব্যুনাল আসামিপক্ষের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। মিরপুর ও আশপাশের এলাকায় সিফাত হাওলাদার ও আখতারুজ্জামানসহ একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় তাদের ‘যৌথ অপরাধের দায়’ (JCE) এবং ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’র আওতায় আনা হয়েছে।