জানুয়ারি ২২, ২০২৬, ০৫:৫৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. রুবেল আহমেদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে বুধবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভূঞা এদিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর জামাল উদ্দিন মার্জিন শুনানিতে বলেন, হাদি হত্যার মূল রহস্য উন্মোচনে এই আসামিকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি।
শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য যে, ডিবি পুলিশের দেওয়া আগের অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের নারাজির আবেদন করলে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।
গত ১২ ডিসেম্বর পল্টনে নির্বাচনি প্রচারণা শেষে ফেরার পথে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদসহ ১৭ জনের বিরুদ্ধে ডিবি চার্জশিট দিলেও ফয়সালসহ ৫ জন এখনও পলাতক রয়েছে।
হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের অভিযোগ, হত্যাকাণ্ডের প্রকৃত মাস্টারমাইন্ডদের আড়াল করা হয়েছিল ডিবির চার্জশিটে। আগামী ২৫ জানুয়ারি সিআইডির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন