বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

বিএনপির ২ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:৩৯ এএম

বিএনপির ২ প্রার্থীকে সুখবর দিলেন আপিল বিভাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এক আদেশের মাধ্যমে তাদের প্রার্থিতা বহাল রেখেছেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে বন্দরনগরীর এই গুরুত্বপূর্ণ দুটি আসনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলো। 

তবে আপিল বিভাগ শর্ত দিয়েছেন যে চলমান আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখতে হবে। অর্থাৎ ভোট গ্রহণ ও গণনা চললেও গেজেট প্রকাশের জন্য আদালতের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে হবে।

চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন গত ১ ফেব্রুয়ারি বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে একটি ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে আপিল বিভাগে আবেদন জানায়। এর আগে হাইকোর্ট ব্যাংক কর্তৃপক্ষের রিট খারিজ করে দিলে তারা সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিল। 

আজ আপিল বিভাগের রায়ে আসলাম চৌধুরীর পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। অন্যদিকে চট্টগ্রাম-২ বা ফটিকছড়ি আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে জামায়াত মনোনীত প্রার্থী নুরুল আমিন আপত্তি তুলেছিলেন। ঋণ খেলাপের অভিযোগে সারোয়ারের প্রার্থিতা বাতিলের ইসির সিদ্ধান্তটি হাইকোর্ট আগে স্থগিত করেছিল। আজ আপিল বিভাগ সেই স্থগিতাদেশ বহাল রেখে তাকে নির্বাচনে লড়ার সুযোগ দিলেন।আদালতের এই রায়কে ঘিরে চট্টগ্রাম অঞ্চলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। 

নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এই আইনি বিজয়কে বড় সাফল্য হিসেবে দেখছেন ধানের শীষের সমর্থকরা। আজ আদালতে প্রার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্যান্য অভিজ্ঞ আইনজীবীরা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে এই দুই হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণ চট্টগ্রামের নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। আদালতের নির্দেশ অনুযায়ী ফলাফল আপাতত স্থগিত থাকলেও ব্যালট যুদ্ধের ময়দানে নামার পথে আর কোনো বাধা রইল না।