রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০২:৫২ পিএম

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সাবেক বিচারপতি খায়রুল হক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় জালিয়াতি এবং হত্যাসহ পৃথক চারটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছে হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। 

এর আগে গত বছরের ২৬ অক্টোবর হত্যা, রায় জালিয়াতি ও দুর্নীতি দমন কমিশনের মামলাসহ মোট পাঁচটি মামলায় কেন তাকে জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল উচ্চ আদালত। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। 

পরবর্তীতে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। খায়রুল হক ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের মে মাস পর্যন্ত দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় প্রদান করে, যার মাধ্যমে দেশে প্রচলিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষিত হয়।

খায়রুল হক বিচারিক জীবন থেকে অবসর নেওয়ার পর ২০১৩ সাল থেকে কয়েক দফায় আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৪ সালের আগস্ট মাসে রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন। এরপরই তার বিরুদ্ধে রায় জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। 

বিশেষ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া পৃথক দুটি মামলায় রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগ আনেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ তিনি উচ্চ আদালত থেকে এই চার মামলায় জামিন লাভ করলেন।