মার্চ ২৪, ২০২৬, ০৭:০৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় তাঁর স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান এই রিমান্ড আদেশ প্রদান করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. শহিদুজ্জামান আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। আদালত তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করে গত ১৬ মার্চ ফাহিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
মঙ্গলবার রিমান্ড শুনানির সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাঁর বক্তব্যে রিমান্ডের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৫ মার্চ সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসা থেকে শারমিনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।ঘটনার দিন রাতেই ফাহিম আল হাসানকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।
পরবর্তীতে ১৬ মার্চ সকালে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ফাহিম আল হাসান ঢাকা কলেজের শিক্ষার্থী বলে পুলিশ নিশ্চিত করেছে। শারমিনের অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে এবং সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে আসছিলেন। পুলিশ জানিয়েছে, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও মোটিভ উদঘাটন করার চেষ্টা করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন