রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

ড. ইউনূস ও উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৭, ২০২৬, ০১:০৬ পিএম

ড. ইউনূস ও উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার সব উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার (১৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আবেদন জমা দেন। হামের টিকা কর্মসূচি সংক্রান্ত একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবেদনে পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।জাতীয় হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বের করে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছে ড. ইউনূসের বিরুদ্ধে। 

রিটে দাবি করা হয়, এই সিদ্ধান্তের সঙ্গে তৎকালীন উপদেষ্টা পরিষদের সব সদস্য কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। সে কারণে ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার বিরুদ্ধে অবিলম্বে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা প্রয়োজন। দায়েরকৃত এই রিটে কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রি সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্টের এই আইনজীবী একই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশ পাঠানোর পরও দীর্ঘ দিনে কোনো জবাব বা কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় আজ রোববার বিষয়টি সরাসরি হাইকোর্টের নজরে আনা হলো।