সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

এবার গুমের মামলায় আসামি হচ্ছেন বেনজীরের ক্যাশিয়ার রিফাত

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০৫:০২ পিএম

এবার গুমের মামলায় আসামি হচ্ছেন বেনজীরের ক্যাশিয়ার রিফাত

রিফাত নিলয় জোয়ার্দার

সাবেক আইজিপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ও ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত রিফাত নিলয় জোয়ার্দারকে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে। আগামী ২৪ মে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে হাজির করার এই দিন ধার্য করেছেন।

এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গোপন বন্দিশালা আয়নাঘরে নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে।রিফাত মূলত ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক। 

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ শীর্ষ নেতাদের নির্দেশে সারাদেশে গুমের ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ উঠেছে। প্রাথমিক তদন্ত বলছে তার প্রত্যক্ষ নির্দেশনায় অসংখ্য ব্যক্তিকে বলপূর্বক গুম করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন আয়নাঘরে আটকে রাখা হতো। 

সেখানে ভিকটিমদের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বর্তমানে তিনি পৃথক দুটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারেই বন্দি রয়েছেন।ধানমন্ডি থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির মামলায় তাকে আগে গ্রেফতার করা হয়। 

গুমের এই বিশেষ মামলায় তাকে গ্রেফতার দেখাতে এবং ট্রাইব্যুনালে উপস্থিতি নিশ্চিত করতে চিফ প্রসিকিউটর বরাবর প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানানো হয়েছিল। গত বছরের আগস্ট মাস থেকে শুরু হওয়া তদন্তে ভিকটিম ও তাদের পরিবারকে জিজ্ঞাসাবাদ করে রিফাতের বিরুদ্ধে এসব অপরাধের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা।