রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

রামিসা হত্যা: দ্রুত শুনানি ও রায় কার্যকরের অপেক্ষায় রাষ্ট্রপ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ১০:১৫ পিএম

রামিসা হত্যা: দ্রুত শুনানি ও রায় কার্যকরের অপেক্ষায় রাষ্ট্রপ

শিশু রামিসা ধর্ষণ

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যু অনুমোদনের (ডেথ রেফারেন্স) নথিপত্র হাইকোর্টে পৌঁছেছে। মঙ্গলবার (৯ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে সব প্রয়োজনীয় নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। এখন পেপারবুক তৈরির মাধ্যমে চূড়ান্ত শুনানির প্রক্রিয়া শুরু হবে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে দ্রুততম সময়ের মধ্যে পেপারবুক তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আমরা এই মামলার শুনানিতে কোনো বিলম্ব বা মূলতবি চাইব না। রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই শুনানি সম্পন্ন করতে প্রস্তুত এবং আমরা প্রত্যাশা করি দ্রুত আপিল নিষ্পত্তির মাধ্যমে রায় কার্যকর হবে।”  এর আগে গত ৭ জুন আদালত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেন। 

রায়ে সোহেল রানাকে ৫ লাখ এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা ভিকটিমের উত্তরাধিকারীরা পাবেন। রায় ঘোষণার পর আসামিদের সংশ্লিষ্ট কারাগারে ‘কন্ডেম সেলে’ রাখা হয়েছে।মামলাটি অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে। 

১৯ মে ঘটনার পর মাত্র ৫ দিনের মাথায় চার্জশিট দাখিল, ১ জুন চার্জ গঠন এবং ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারিক কার্যক্রম সম্পন্ন করা হয়। আদালতের অবকাশকালীন ছুটি থাকা সত্ত্বেও বিচারকাজ দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের ছুটি বাতিল করা হয়েছিল। এখন হাইকোর্টে শুনানি ও চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রাষ্ট্রপক্ষসহ পুরো দেশ।