জুলাই ৯, ২০২৬, ০৪:০০ পিএম
ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদিপ্তা সরকার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আরিফ, রাকিব ও সিয়াম।এই মামলায় অপ্রাপ্তবয়স্ক অপর এক আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ। মামলার সূত্রে জানা যায়, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে নিছামনিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়।
পরদিন ১৫ জুন নিছামনির পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন।ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনের মাথায় চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে আদালত তিনজন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নিছামনির পরিবার। তারা সরকারের কাছে এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন