মে ২, ২০২৬, ০২:৫৯ পিএম
বিয়ে কেবল একটি সামাজিক বন্ধন বা ধর্মীয় রীতিই নয়, এটি মানুষের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের সঙ্গেও সরাসরি যুক্ত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, যারা কখনও বিয়ে করেননি কিংবা একাকী জীবনযাপন করছেন, তাঁদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবাহিতদের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।
যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ৪০ লক্ষেরও বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল পাওয়া গেছে। গবেষণায় বলা হয়েছে, প্রায় সব ধরনের প্রধান ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের ঝুঁকি বেশি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে ধূমপান বা সংক্রমণজনিত ক্যানসারের ক্ষেত্রে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে এই পার্থক্য আরও স্পষ্ট।
পরিসংখ্যান অনুযায়ী, অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি বিবাহিতদের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। নারীদের ক্ষেত্রে এই ঝুঁকির হার আরও বেশি, যা প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত। গবেষণায় আরও দেখা গেছে, অবিবাহিত পুরুষদের মধ্যে মলদ্বারের ক্যানসারের হার বিবাহিতদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি।
অন্যদিকে অবিবাহিত নারীদের ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসারের হার প্রায় তিন গুণ বেশি বলে জানানো হয়েছে।গবেষকদের মতে, বিয়ে অনেক সময় মানুষের জীবনযাপনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। বিবাহিত ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত চিকিৎসা পরীক্ষা করানোর প্রবণতা বেশি থাকে। এই আচরণগত বিষয়গুলো পরোক্ষভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে এবং ক্যানসারের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে, এর মানে এই নয় যে বিয়ে করলেই ক্যানসার থেকে পূর্ণ সুরক্ষা পাওয়া যাবে। এটি মূলত একটি সামাজিক ও আচরণগত ইঙ্গিত। যাঁরা অবিবাহিত রয়েছেন, তাঁদের স্বাস্থ্যঝুঁকির বিষয়ে অধিক সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখা এ ক্ষেত্রে জরুরি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন