শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

আজকের দিনটিই কেন ‘মা দিবস’ হিসেবে পালিত হয়?

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ০৩:১০ পিএম

আজকের দিনটিই কেন ‘মা দিবস’ হিসেবে পালিত হয়?

বিশ্ব মা দিবসের প্রতীকী ছবি।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে মা দিবস উদ্‌যাপন করা হয়। সেই ক্যালেন্ডার অনুযায়ী আজ রোববার (১০ মে) সারা বিশ্বে পালিত হচ্ছে দিবসটি। মায়েদের প্রতি বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি নির্ধারিত। সন্তানের জন্য মায়ের ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসাকে সম্মান জানাতেই বিশ্বব্যাপী এই আয়োজন।

মা দিবসের এই বিশেষ তারিখটি নির্ধারণের পেছনে দীর্ঘ ইতিহাস রয়েছে। ইতিহাসবিদদের মতে, প্রাচীন গ্রিসে মাতৃরূপী দেবী সিবেলের আরাধনা এবং প্রাচীন রোমে দেবী জুনোর পূজা থেকে এই ধারণার সূচনা হতে পারে। 

এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্যে অনেক আগে থেকেই মায়েদের সম্মান জানাতে একটি নির্দিষ্ট রোববারকে বেছে নেওয়ার প্রচলন ছিল। ষোড়শ শতকে ইংল্যান্ডে এটি ‍‍`মাদারিং সানডে‍‍` হিসেবে পরিচিতি লাভ করে।আধুনিক মা দিবস উদ্‌যাপনের শুরুটা হয় মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে। 

১৮৭০ সালে জুলিয়া ওয়ার্ড হোই রচিত ‘মাদার্স ডে প্রক্লামেশন’ বা মা দিবসের ঘোষণাপত্রকে এই আন্দোলনের অন্যতম ভিত্তি হিসেবে ধরা হয়। আমেরিকার গৃহযুদ্ধের সময় শান্তির প্রত্যাশায় তিনি এই ঘোষণাপত্র লিখেছিলেন। যুদ্ধ পরবর্তী সময়ে অনাথদের সেবায় নিয়োজিত মার্কিন সমাজকর্মী আনা রিভিজ জার্ভিস এবং তার মেয়ে আনা মেরি জার্ভিস দিবসটি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আনা রিভিজ জার্ভিস ১৯০৫ সালের ৫ মে মারা যান। মায়ের মৃত্যুর পর আনা মেরি জার্ভিস তার মায়ের সম্মানে এবং মায়েদের কল্যাণে সরকারিভাবে একটি দিবস নির্ধারণের প্রচারণা শুরু করেন। দীর্ঘ তিন বছরের প্রচেষ্টার পর ১৯০৮ সালের ১০ মে পশ্চিম ভার্জিনিয়ার আন্দ্রেউজ মেথডিস্ট এপিসকোপাল চার্চে আনুষ্ঠানিকভাবে প্রথম মা দিবস উদ্‌যাপিত হয়।

পরবর্তীতে ১৯১২ সালে এই দিবসটিকে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা শুরু হয়। এই আন্দোলনের প্রভাব ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র ছাপিয়ে কানাডা, মেক্সিকো, চীন, জাপানসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

জনমতের এই ধারাবাহিকতায় ১৯১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মা দিবস ও জাতীয় ছুটির দিন হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এরপর থেকেই আন্তর্জাতিকভাবে প্রতিটি দেশে মায়েদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এই দিনটি নির্দিষ্ট হয়ে যায়। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে পালিত হয়।