সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

ভিটামিন সি নষ্ট হওয়া ঠেকাবেন কীভাবে? জানুন সহজ উপায়

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০২:৫৬ পিএম

ভিটামিন সি নষ্ট হওয়া ঠেকাবেন কীভাবে? জানুন সহজ উপায়

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সার্বিক সুস্থতা বজায় রাখার জন্য ভিটামিন সি একটি অপরিহার্য পুষ্টি উপাদান। টাটকা শাকসবজি ও বিভিন্ন টক ফলে এই ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়। পালংশাক, লেটুসপাতা, লেবু, কমলা, আমলকী, পেয়ারা, আনারস, টমেটো, এমনকি আলু ও কাঁচামরিচও ভিটামিন সি-এর ভালো উৎস। অঙ্কুরিত ছোলা বা ডালেও ভিটামিন সি তৈরি হয়। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, ভিটামিন সি পানিতে খুব সহজে দ্রবণীয় এবং তাপের প্রতি অত্যন্ত সংবেদনশীল। একারণে খুব সহজেই এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।

রান্নার পদ্ধতি, কাটার ধরণ এবং সংরক্ষণের ওপর নির্ভর করে খাবারে ভিটামিন সি কতটা অক্ষত থাকবে। তাই এর সর্বোচ্চ উপকার পেতে হলে এটি সংরক্ষণের সঠিক উপায় জানা জরুরি।অনেকের মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, শরীরের কোনো স্থান কেটে গেলে, ঘা হলে বা অপারেশনের পর টক জাতীয় ফল বা ভিটামিন সি খাওয়া উচিত নয়, এতে নাকি ক্ষত শুকায় না। পুষ্টিবিদরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা দ্রুত ক্ষত সারাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিটামিন সি নষ্ট হওয়ার বেশ কয়েকটি সাধারণ কারণ রয়েছে। সবজি কাটার পর বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে বা সিদ্ধ করে সেই পানি ফেলে দিলে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ভিটামিন সি নষ্ট হয়ে যায়। আবার সবজি খুব বেশি কুচি কুচি করে কাটলে তা বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এসেও নষ্ট হয়। এ কারণে যতটা সম্ভব সবজির টুকরা বড় রাখা উচিত। দীর্ঘ সময় ধরে খোলা পাত্রে রান্না করলে প্রায় অর্ধেক ভিটামিন সি নষ্ট হয়ে যেতে পারে। রান্না করা খাবার বারবার গরম করলে বা চুলার ওপর রেখে দিলেও তাপের প্রভাবে এর পুষ্টিগুণ কমে যায়।

তামার পাত্রে রান্না করা বা খাবার রাখলে ভিটামিন সি একেবারেই থাকে না। রান্নার সময় সবজির রঙ ঠিক রাখতে বা দ্রুত সিদ্ধ করতে অনেকেই সোডিয়াম-বাই-কার্বনেট (খাবার সোডা) ব্যবহার করেন, যা ভিটামিন সি সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়।তবে কিছু পদ্ধতি অবলম্বন করলে ভিটামিন সি-এর অপচয় রোধ করা সম্ভব। পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন, সবজি বা ফল যতটা সম্ভব তাজা ও কাঁচা খাওয়ার চেষ্টা করতে হবে, যেমন সালাদ হিসেবে। রান্নার ক্ষেত্রে সবজি খুব বেশি কুচি না করে বরং বড় টুকরা করে কাটতে হবে এবং ঢাকনাযুক্ত পাত্রে অল্প সময়ে রান্না শেষ করতে হবে।

সবজি বা ফলে চিনি মেশালে ভিটামিন সি অনেকটা রক্ষা পায়। এজন্য সালাদে বা ফলের জুসে সামান্য চিনি মেশানো যেতে পারে। জ্যাম, জেলি বা চিনির ঘন রসে ফল সংরক্ষণ করলেও ভিটামিন সি তুলনামূলকভাবে কম নষ্ট হয়। ফ্রিজে সঠিক তাপমাত্রায় রাখা সবজি ও ফলের ভিটামিন সি সহজে নষ্ট হয় না। স্টেনলেস স্টিল বা কাঁচের পাত্রে রান্না করলে বা আচার তৈরি করলে ভিটামিন সি অক্ষত থাকে। শসা, টমেটো, ক্যাপসিকামের মতো অনেক সবজি কাঁচা খাওয়া যায়, যা ভিটামিন সি পাওয়ার সবচেয়ে কার্যকর উপায়।