রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শেখ মুজিব কি বিশ্বাসঘাতক? মিডিয়া উত্তপ্ত

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১১:২৪ পিএম

শেখ মুজিব কি বিশ্বাসঘাতক? মিডিয়া উত্তপ্ত

রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান তার ইউটিউব চ্যানেলে ডিসেম্বরে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শেখ মুজিবুর রহমানকে নিয়ে চলমান বিতর্ক নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, একজন জামায়াতপন্থী ব্যারিস্টার বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধকে সম্পূর্ণভাবে অস্বীকার করছেন এবং শেখ মুজিবুর রহমানকে 'বিশ্বাসঘাতক' বলে প্রচার করছেন।

এই প্রেক্ষাপটে আসলেই শেখ মুজিব বিশ্বাসঘাতক ছিলেন কিনা, সেই মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি একটি বেসরকারি টিভিতে প্রচারিত ক্লিপের প্রসঙ্গ টানেন।

যেখানে ওই ব্যারিস্টার আক্রমণাত্মক ভাষায় শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেন এবং অ্যাঙ্কর তার প্রতিবাদ করলে অনেকের কাছে তা 'পক্ষ নেওয়া' বলে মনে হয়েছে।

জাহেদ উর রহমানের মতে, বিতর্কমূলক পরিস্থিতিতে পাল্টা প্রশ্ন করা অ্যাঙ্করদের পেশাগত দায়িত্বের অংশ, তবে ব্যারিস্টারের আগ্রাসী ও অহংকারী মনোভাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।জাহেদ উর রহমান বলেন, শেখ মুজিবুর রহমানের মূল্যায়ন সত্যিই প্রয়োজন। তিনি স্বীকার করেন যে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রধানতম ব্যক্তি। তবে তিনি শেষ পর্যন্ত সত্যিই স্বাধীনতা চাইতেন কিনা, সে বিষয়ে তার ব্যক্তিগত সন্দেহ রয়েছে। তিনি মনে করেন, শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সেটাই হওয়ার কথা ছিল।

কিন্তু এটাও সমানভাবে সত্য যে, তার নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে আমাদের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র।তিনি 'জাতির পিতা' ধারণায় ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন না। তার মতে, স্বাধীনতার সূচনায় একাধিক ব্যক্তিকে 'ফাউন্ডিং ফাদারস' হিসেবে বিবেচনা করা উচিত এবং এই তালিকায় শেখ মুজিবুর রহমানের নাম নিঃসন্দেহে সবচেয়ে বড়। জাহেদ উর রহমান মনে করেন, ইতিহাসে কোনো বিষয়ই চূড়ান্তভাবে মীমাংসিত হয় না। শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় কী করেছেন, এও কোনো চূড়ান্ত সত্য নয়; তথ্য থাকে, কিন্তু সেগুলোর ব্যাখ্যা ভিন্ন হতে পারে।

তিনি বলেন, যদি কেউ বলেন ইতিহাস রিজলভ হয়ে গেছে, শেখ মুজিবুর রহমানই জাতির পিতা, এটা একটি অযৌক্তিক ও দমনমূলক অবস্থান। ৯০-৯৫% মানুষ যদি সেটি মনে করে, তবু বাকি ৫% ভিন্নমত পোষণ করতে পারে, এটাই স্বাভাবিক। তিনি শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' মনে করেন না, তবে তাকে ফাউন্ডিং ফাদারদের একজন হিসেবে দেখেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাউন্ডিং ফাদার বলতে আপত্তি নেই। তার মতে, একটি বয়ান সবার ওপর চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদী প্রবণতা।