সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’: তাওহিদ হৃদয়

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২০, ২০২৫, ০৯:৩৫ পিএম

‘বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না’: তাওহিদ হৃদয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ-অভ্যুত্থানের পরিচিত মুখ শহীদ শরীফ ওসমান হাদির শেষ বিদায়ে সাধারণ মানুষের অভূতপূর্ব ভালোবাসা দেখে আবেগ ধরে রাখতে পারেননি জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

তাওহিদ হৃদয় তাঁর পোস্টে উল্লেখ করেন, হাদি ভাই যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য আমৃত্যু লড়াই করেছিলেন, আজ তিনি সেখানেই ফিরেছেন এক অনন্য উচ্চতায়।

হৃদয় লেখেন:যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে।

জানাজায় লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে হৃদয় আরও যোগ করেন, “বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাঁকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।কেবল তাওহিদ হৃদয়ই নন, হাদির মৃত্যুতে ক্রিকেটার এবাদত হোসেন চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি এবং সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স তো এক ধাপ এগিয়ে তাঁদের অফিসিয়াল জার্সি শহীদ হাদির নামে উৎসর্গ করার ঘোষণা দিয়েছে। হাদির এই অকাল মৃত্যু যে দেশের সাধারণ মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনকেও গভীরভাবে স্পর্শ করেছে, তারকাদের এসব পোস্ট তারই প্রমাণ।উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে মারা যান হাদি। আজ সংসদ ভবনে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।