রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৬, ২০২৬, ১০:৩৪ এএম

এবার শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

ভিসা বাতিল শায়খ আহমাদুল্লাহর

জনপ্রিয় ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহর ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় গত রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে বলে সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে। 

ইহুদি ধর্মাবলম্বীদের সম্পর্কে অতীতে করা তার কিছু মন্তব্য জনসমক্ষে আসার পর সেগুলোকে ‘জঘন্য’ ও ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে আখ্যায়িত করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শায়খ আহমাদুল্লাহ তার কিছু বক্তব্যে ইহুদিদের নীচু প্রকৃতির ও ঘৃণার যোগ্য হিসেবে বর্ণনা করেছেন এবং তাদের বিশ্বব্যাপী অস্থিরতার নেপথ্য কারিগর বলে আখ্যায়িত করেছেন। এই মন্তব্যগুলো সামনে আসার পরই অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। 

ভিসা বাতিলের এই সিদ্ধান্তটি ঠিক সেই সময়ে কার্যকর করা হয় যখন শায়খ আহমাদুল্লাহ সিডনি বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়া ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘লিগ্যাসি অব ফেইথ’ নামক একটি বিশেষ কর্মসূচিতে অংশ নিতে তিনি দেশটিতে গিয়েছিলেন।অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, যারা ইহুদিবিদ্বেষী বা ইসলামোফোবিক বক্তব্য প্রচার করে, তাদের প্রতি অস্ট্রেলীয় সরকারের কোনো ধরনের সহনশীলতা নেই। 

এই পদক্ষেপের ফলে শায়খ আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ায় পুনঃপ্রবেশের পথ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এমনকি কর্তৃপক্ষ তাকে স্থায়ীভাবে দেশটিতে নিষিদ্ধ করার বিষয়টি বর্তমানে গুরুত্বের সাথে পর্যালোচনা করছে।এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে শায়খ আহমাদুল্লাহর পূর্বনির্ধারিত সফরটি পুরোপুরি বাতিল ঘোষণা করা হয়েছে। 

ফলে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল পার্থে তার আয়োজিত সভাগুলোর কোনোটিই আর অনুষ্ঠিত হচ্ছে না। এর আগে তিনি মেলবোর্ন ও সিডনির কিছু নির্ধারিত কর্মসূচিতে অংশ নিলেও সফরের বাকি অংশ স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক প্রক্রিয়ার পর তাকে দ্রুততম সময়ে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে।