মে ২০, ২০২৬, ১২:৪৫ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন। দলটি কীভাবে ফিরেছে তার বিস্তারিত প্রেক্ষাপটও তিনি সেখানে তুলে ধরেছেন।পোস্টে তিনি প্রশ্ন রাখেন, আওয়ামী লীগ ফিরে এসেছে, দেখো নাই?
মাহফুজ আলমের মতে, আওয়ামী লীগ রাজনৈতিক দলের চেয়েও একটি ধর্মতত্ত্ব। ২৪-এর অভ্যুত্থানকে যখন ৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হলো, সেদিনই দলটি ফিরেছে। আইনের শাসনের বদলে যখন মবের শাসনে মানুষ আনন্দ পেল, তখন তাদের ফেরার পথ প্রশস্ত হয়। ডানপন্থীদের উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের একাংশের কাজ করাকেও তিনি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
মাজারে হামলা ও হিন্দুদের ওপর নিপীড়ন নিয়ে চুপ থাকাকেও তিনি দায়ী করেছেন।সেক্যুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষ যখন সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেল, তখন এই প্রত্যাবর্তন সহজ হয়।
মবস্টারদের হিরো বানানো এবং উগ্রবাদীদের নিরাপদ জায়গা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ব্যবস্থার বিলোপ না করে ন্যূনতম সংস্কারের নামে জনগণকে বিচ্ছিন্ন করা হয়েছে। ছাত্ররা বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের মবে পরিণত হওয়ার সমালোচনাও করেন তিনি।সরকার রাজনৈতিক থেকে আমলানির্ভর হওয়ায় কিচেন ক্যাবিনেট সিদ্ধান্ত নিচ্ছে।
তার অভিযোগ, এই ক্যাবিনেটের অধিকাংশই বিভিন্ন দলের ছুপা দালাল। যাদের কাছে জুলাইয়ের অর্থ ছিল নিজেদের পরিবার ও প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা। নির্বাচন নিয়ে রাজনৈতিক দরকষাকষির ফলে সংস্কার ও বিচার বাধাগ্রস্ত হয়েছে। পোস্টের শেষে তিনি ব্যঙ্গ করে লেখেন, এসব কিছুর দায় তার নিজের এবং এই ব্যর্থতার তালিকা সামনে আরও বাড়বে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন