জুলাই ১৪, ২০২৬, ১১:৩৬ পিএম
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি নতুন ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার পর এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়।মঙ্গলবার (১৪ জুলাই) ফেসবুক পেজটি চালু হওয়ার পর থেকে এতে হাজারো অনুসারী যুক্ত হয়েছেন।
শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপ ভাইরাল হওয়ার পর থেকেই মূলত এই উদ্যোগের সূচনা হয়। ফেসবুক পেজটিতে ‘আমরা ব্রয়লার প্রজন্ম; আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’ স্লোগান ব্যবহার করা হয়েছে। পেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এটিই তাদের একমাত্র অফিসিয়াল পেজ এবং বিভাগীয় বা জেলা পর্যায়ে তাদের কোনো আলাদা পেজ নেই।
বিতর্কের সূত্রপাত ঘটে টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও উচ্চমাধ্যমিক পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে। এর মধ্যে শিক্ষামন্ত্রীর একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’ এই মন্তব্যের পর থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন।
নতুন এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি, ভিডিও, কর্মসূচির আপডেট ও ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করছেন, এই উদ্যোগটি ভারতের একটি অনলাইন প্ল্যাটফর্মের আদলে তৈরি, যা তরুণদের বিভিন্ন দাবি-দাওয়ার প্রতীকী মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছিল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন